ভারতশাসিত জম্মু-কাশ্মীরের হিমালয়ের একটি পাহাড়ি গ্রামে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। এছাড়া আরও অনেকে নিখোঁজ রয়েছেন। খবরটি নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস।
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, দ্রুত উদ্ধারকাজে জেলা প্রশাসন, পুলিশ, ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শর্মা জানিয়েছেন, শতাধিক মানুষ আহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত ১৬০-এর বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিকমাধ্যমে লিখেছেন, “কাশ্মীরে আকস্মিক বন্যার শিকার হতাহতদের জন্য আমি গভীরভাবে শোকাহত। ইতিমধ্যেই কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসের আগে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সব সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।



