বিশ্বকাপের মঞ্চে জোড়া গোল করে দলের বড় জয়ের নায়ক হয়েছেন সুইডেনের তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। তবে তিউনিশিয়ার বিপক্ষে গোল করার পর তার উদযাপনই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। বাবার জন্মভূমির বিপক্ষে গোল করে উচ্ছ্বাসে না মেতে সিজদায় লুটিয়ে পড়েন তিনি, যা ম্যাচ শেষে হয়ে ওঠে অন্যতম আলোচিত মুহূর্ত।
বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে ৫-১ গোলের দাপুটে জয় পেয়েছে সুইডেন। ভিক্টর ইয়োকেরেস, আলেক্সান্দার ইসাক, মাটিয়াস সভানবার্গ এবং ইয়াসিন আয়ারির জোড়া গোলে বড় ব্যবধানে জয় তুলে নেয় স্ক্যান্ডিনেভিয়ান দলটি।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় সুইডেন। ম্যাচের সপ্তম মিনিটেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন ২২ বছর বয়সী আয়ারি।
গোলের পর কোনো উচ্ছ্বাস না দেখিয়ে সিজদায় লুটিয়ে পড়েন এই মিডফিল্ডার। এর পেছনে রয়েছে পারিবারিক আবেগও। আয়ারির বাবা তিউনিশিয়ায় জন্মগ্রহণ করলেও তিনি আন্তর্জাতিক ফুটবলে নিজের জন্মভূমি সুইডেনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা যায়, ২০২১ সালে তিউনিশিয়া ফুটবল ফেডারেশন তখনকার সুইডেন অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় আয়ারির সঙ্গে যোগাযোগ করে জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল। শুধু তিউনিশিয়াই নয়, মায়ের সূত্রে মরক্কোর হয়েও খেলার সুযোগ ছিল তার। কিন্তু ২০২২ বিশ্বকাপের আগে তিনি সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে সুইডেনের প্রতিই অনুগত থাকার সিদ্ধান্ত নেন।
ম্যাচের ৩০ মিনিটে আলেক্সান্দার ইসাক গোল করে সুইডেনের ব্যবধান দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের শেষ দিকে, ৪৩ মিনিটে ওমার রেকিক গোল করে তিউনিশিয়াকে ম্যাচে ফেরানোর আভাস দেন। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সুইডেন।
দ্বিতীয়ার্ধে আর কোনো সুযোগ দেয়নি সুইডিশরা। ৫৯ মিনিটে ভিক্টর ইয়োকেরেস গোল করে ব্যবধান ৩-১ করেন। এ সময় তিউনিশিয়ার গোলরক্ষকের ভুলও চোখে পড়ে। এরপর ম্যাচের ৮৪ মিনিটে বদলি হিসেবে নেমে গোলের খাতায় নাম লেখান মাটিয়াস সভানবার্গ।
শেষ হাসিটা অবশ্য আয়ারিরই। নির্ধারিত সময়ের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে দলের ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন তিনি।
জোড়া গোল, অসাধারণ পারফরম্যান্স এবং আবেগঘন উদযাপনের মাধ্যমে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ইয়াসিন আয়ারি। সুইডেনের এই তরুণ তারকা যে এবারের বিশ্বকাপে নজর কাড়তে প্রস্তুত, তা আরও একবার প্রমাণ করলেন মাঠের পারফরম্যান্সে।



