বিদেশি ভাষাকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি ধাপে ধাপে একটি বিদেশি ভাষা শিক্ষাব্যবস্থায় বাধ্যতামূলক করা হতে পারে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আরবি, চীনা, জাপানি কিংবা ফরাসি ভাষা পর্যায়ক্রমে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে।
তিনি আরও বলেন, দেশ একটি নতুন গণতান্ত্রিক পর্বে প্রবেশ করেছে। দীর্ঘ সময় পর সবাই স্বাধীন পরিবেশে মতপ্রকাশ ও অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
ববি হাজ্জাজ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করছেন। তার মতে, সবার আগে মাতৃভাষা বাংলা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং ভাষা শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। তিনি দেশ, জাতি ও ভাষার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, ধর্মকে কেন্দ্র করে কুরাজনীতি গ্রহণযোগ্য নয়। দেশের স্বার্থ, জাতির নিরাপত্তা এবং ইতিহাস-সংস্কৃতি সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।



