ভাষা শহীদ দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেন। দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস করেন।
এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। শনিবার কর্মদিবসের সূচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে ডেকে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।



