tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনপদত্যাগের দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

পদত্যাগের দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন নেছার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভে অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তাঁরা।

শিক্ষার্থীদের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই হলের দুই শিক্ষার্থীর আবাসিক আসন বাতিল করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছে ১২ হাজার ৬০০ টাকা দাবি এবং শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।

কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম জানান, আবাসিক আসন বাতিলের কারণ জানতে চাইলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। এমনকি আসন বাতিল হওয়া এক শিক্ষার্থী টাকা কমানোর অনুরোধ জানালেও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তাবাসসুম আরও বলেন, হলে প্রবেশে সামান্য দেরি হলেও জরিমানা করা হয়। দীর্ঘদিনের বিভিন্ন অসন্তোষের জেরেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন নেছার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অধীনে পরিচালিত হয় গার্হস্থ্য অর্থনীতি কলেজ। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল করিম বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে এখনো অধ্যক্ষ বা কলেজ প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।