বড় রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছিল বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। রাজনৈতিক মেরুকরণ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক বিভাজনের প্রেক্ষাপটে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ইতোমধ্যে সরকারের প্রথম ১০০ দিন পার হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপের মুখে পড়ে সরকার। একই সঙ্গে জ্বালানি সংকট, হামের প্রাদুর্ভাব, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের উচ্চমূল্য সামাল দেওয়াও ছিল বড় চ্যালেঞ্জ। এই সময়ে সামাজিক নিরাপত্তা খাতে নেওয়া কিছু উদ্যোগ প্রশংসিত হলেও, কয়েকটি রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছে।
বিশ্লেষকদের মতে, মাত্র ১০০ দিনে একটি পাঁচ বছর মেয়াদি সরকারের পূর্ণ মূল্যায়ন সম্ভব না হলেও, সরকারের শুরুর দিকের দিকনির্দেশনা বোঝার জন্য এই সময়কাল গুরুত্বপূর্ণ।
তাদের ভাষ্য, সরকার একদিকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চেষ্টা করছে, অন্যদিকে দীর্ঘমেয়াদি সংস্কারের জন্যও কিছু খাতভিত্তিক পদক্ষেপ নিয়েছে। তবে অর্থনীতি ও আইনশৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এখনো দৃশ্যমান উন্নতি আসেনি বলে মত বিশ্লেষকদের।
অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, “আসন্ন বাজেটেই বোঝা যাবে সরকার অর্থনীতি নিয়ে কী ভাবছে। তাদের অগ্রাধিকার বুঝতে বাজেট গুরুত্বপূর্ণ।”
সরকারের দাবি, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভায় নেওয়া ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে প্রায় ৬২ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
অর্থনীতি: সবচেয়ে বড় পরীক্ষা
প্রথম ১০০ দিনে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থনীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাত সংস্কার, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখার বিষয়গুলো ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক অস্থিরতায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি। ফলে অর্থনীতিবিদরা সরকারের এই সময়কে মূলত “সংকট ব্যবস্থাপনার সময়” হিসেবেই দেখছেন।
ফ্যামিলি কার্ড ও কৃষক ঋণ কর্মসূচির মতো উদ্যোগের মাধ্যমে সরকার সামাজিক নিরাপত্তা খাতে ইতিবাচক বার্তা দিতে সক্ষম হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে এখনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
অর্থনীতিবিদদের মতে, ব্যাংক খাতের সংস্কার নিয়ে সরকারের অবস্থান এখনো পরিষ্কার নয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ এবং ব্যাংকিং আইনের সংশোধন নিয়েও সমালোচনা তৈরি হয়েছে।
ড. মোস্তাফিজুর রহমান বলেন, “সরকারের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে কী অবস্থান, তা এখনো স্পষ্ট নয়।”
এদিকে উচ্চ মূল্যস্ফীতি, খেলাপি ঋণ বৃদ্ধি, বিনিয়োগ সংকোচন এবং কমে যাওয়া রাজস্ব-জিডিপি অনুপাত এখনো অর্থনীতির বড় দুর্বলতা হিসেবে রয়ে গেছে। যদিও রেমিট্যান্স প্রবাহে কিছুটা ইতিবাচক ধারা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।
বিশ্লেষকদের মতে, কেবল প্রশাসনিক উদ্যোগ নয়, কর ব্যবস্থা ও ব্যাংকিং খাতে কাঠামোগত সংস্কার ছাড়া দীর্ঘমেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল করা কঠিন হবে।
আইনশৃঙ্খলা: উদ্বেগ পুরোপুরি কাটেনি
সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হলেও, বাস্তবে বড় পরিবর্তন এখনো দেখা যায়নি বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের।
ধর্ষণ, হত্যা, ছিনতাই ও মব ভায়োলেন্সের মতো ঘটনা এখনো সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে রয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ড. নাসির উদ্দিন আহাম্মেদ বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বিচারব্যবস্থা ও নিরাপত্তা কাঠামোর প্রতি মানুষের আস্থাহীনতা স্পষ্ট হয়েছে।
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, রাজনৈতিক ও অপরাধমূলক সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা ও পেশাদারিত্ব এখনো পুরোপুরি ফিরে আসেনি।
তবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনা এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিতকে ইতিবাচক হিসেবেও দেখছেন বিশ্লেষকরা।
অন্যদিকে র্যাবের সংস্কার নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি অতীতে বাহিনীটি বিলুপ্তির কথা বললেও, এখন সরকার এটিকে আইনি কাঠামোর আওতায় এনে পুনর্গঠনের পরিকল্পনা করছে।
রাজনৈতিক বাস্তবতা ও বিরোধী চাপ
ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সরকারকে নানামুখী রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সংসদে বিরোধী দলগুলোর সমালোচনা, জুলাই সনদ, সংবিধান সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বিতর্ক প্রথম অধিবেশন থেকেই আলোচনায় এসেছে।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান মনে করেন, সরকার এখন পর্যন্ত বিরোধীদের সঙ্গে সংঘাত এড়িয়ে আলোচনার পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছে, যা ইতিবাচক দিক।
তার মতে, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে যেমন সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি বাস্তবায়নের বার্তা দিচ্ছে, তেমনি রাজনৈতিকভাবেও বিরোধীদের পাল্টা জবাব দিচ্ছে।
তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলার উন্নতি না হলে রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।
হাম পরিস্থিতি ও স্বাস্থ্য খাতের চাপ
প্রথম ১০০ দিনে সরকারকে বড়ভাবে ভুগিয়েছে হাম পরিস্থিতি। ইতোমধ্যে এই রোগে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
যদিও সরকার দাবি করছে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ এবং দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
সরকারের দাবি
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ চলছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মন্ত্রিসভার ১০টি বৈঠকে ৬০টি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে।
তার দাবি, প্রতিটি মন্ত্রণালয়কে ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দুর্নীতির বিরুদ্ধে অভিযান, কৃষক কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেও গুরুত্ব দিচ্ছে বলে দাবি করেন তিনি। উদাহরণ হিসেবে দ্রুত বিচার সম্পন্ন হওয়া কয়েকটি আলোচিত মামলার কথাও তুলে ধরা হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা



