দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে পবিত্র ঈদুল আজহার দিনেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা বিভাগসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এছাড়া পূর্বমধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
বুধবার (২৭ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতে বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং বরিশাল ও চট্টগ্রামের কিছু অংশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে।
শুক্রবার (২৯ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (৩০ মে) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



