tanaka
প্রচ্ছদসারাদেশবাকৃবি ক্যাম্পাসে মাদক সেবনের অভিযোগে ৩ কলেজছাত্র আটক

বাকৃবি ক্যাম্পাসে মাদক সেবনের অভিযোগে ৩ কলেজছাত্র আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মাদক সেবনের সময় তিন কলেজছাত্রকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ক্যাম্পাস পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেইরি ফার্ম এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ক্যাম্পাস পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডেইরি ফার্ম এলাকার একটি নির্জন স্থানে অভিযান চালানো হয়। সেখানে চারজনকে মাদক সেবন করতে দেখা যায়। এ সময় ধাওয়া করে তিনজনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যায়।

আটক তিনজনের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া শিক্ষার্থীসহ আটক তিনজনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

ক্যাম্পাস পুলিশ ইনচার্জ সাইফুল হক বলেন, ‘প্রক্টরের মাধ্যমে জানতে পারি, ডেইরি ফার্মের একটি নির্জন জায়গায় কয়েকজন নিয়মিত গাঁজাসহ মাদক সেবন করে। এর আগে সেখানে অভিযান চালানো হলেও তাদের পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রক্টরিয়াল বডিকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়।’

তিনি বলেন, ‘এ সময় চারজনকে দেখতে পেয়ে ধাওয়া দিলে একজন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, ডেইরি ফার্ম এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের কথা স্বীকার করেছে। পালিয়ে যাওয়া শিক্ষার্থী যে ব্যাগটি ফেলে গেছে, সেটির মধ্যেও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

তিনি বলেন, ‘তারা কেবল কলেজে পড়াশোনা করছে। এমনকি তাদের অনেকের অভিভাবক বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। বিষয়টি অত্যন্ত হতাশাজনক।’

প্রক্টর জানান, আটক শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে না জড়ানোর অঙ্গীকারে তাদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়। পরে মুচলেকা নিয়ে লিখিতভাবে অভিভাবকদের জিম্মায় তিন শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে।

একই সঙ্গে সন্তানদের নিয়মিত কাউন্সেলিং ও নজরদারিতে রাখার জন্য অভিভাবকদের সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।