বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দিল্লি দেশটিকে নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের মধ্যে নিয়ে গিয়ে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমরেড তোয়াহার রাজনৈতিক জীবন ও অবদানের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ভাষা আন্দোলনের নেতা গোলাম আর টিপু এবং বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কাছ থেকে তোয়াহার অনেক গল্প শুনেছেন। তারা বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতায় তোয়াহার কয়েক বছরের জুনিয়র ছিলেন। ডাকসুর তৎকালীন প্রভাবশালী নেতা হিসেবে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান—উভয় অংশেই তার ব্যাপক জনপ্রিয়তা ছিল।
১৯৪৮ সালে বাংলা ভাষার পক্ষে কমরেড তোয়াহার সাহসী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সামনে দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানো সহজ বিষয় ছিল না। পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন শেষ হওয়ার পরপরই রাষ্ট্রের প্রতিষ্ঠাতার সামনে প্রকাশ্যে প্রতিবাদ জানানোর মতো সাহস দেখিয়েছিলেন তোয়াহা।
বামপন্থী রাজনীতির বিভক্তি প্রসঙ্গে রিজভী বলেন, একসময় দেশে মৌলিক রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তাত্ত্বিক ও দর্শনগত মতপার্থক্যের কারণে নেতাদের মধ্যে বিভক্তি দেখা দেয়। তাদের মধ্যে ঐক্য থাকলে সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আধিপত্যবাদ প্রতিষ্ঠার বিভিন্ন হাতিয়ার এখনো ব্যবহার করা হচ্ছে। তার অভিযোগ, শেখ হাসিনা বিভিন্ন সময়ে দেশে ফিরে আসার কথা বলেছেন এবং তার অনুসারীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতা চালাচ্ছেন।
প্রতিবেশী দেশের ভূমিকা নিয়ে তিনি বলেন, দেশটির নীতিনির্ধারকেরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে উসকানি দেওয়া হচ্ছে। বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রচেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ১৯৭২ সাল থেকেই কমরেড তোয়াহাসহ অনেকেই উপলব্ধি করেছিলেন, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও বাংলাদেশকে দিল্লি নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে। এ কারণেই তারা তখন থেকেই আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
মাওলানা ভাসানী ও কমরেড তোয়াহার রাজনৈতিক মতপার্থক্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও তারা সবাই দেশপ্রেমিক ছিলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তা রক্ষায় তারা কাজ করেছেন। তাদের সংগ্রাম, বক্তব্য ও ত্যাগ এখনো আমাদের অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, পূর্বসূরিদের শিক্ষা আত্মস্থ ও চর্চা করতে পারলে শত্রু-মিত্র চিহ্নিত করা সহজ হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আরও দৃঢ় অবস্থান নেওয়া সম্ভব হবে।
বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান মো. নূরে আলমের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এ ছাড়া বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।



