শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। নিজামউদ্দিন মৃধা নামে ওই ব্যক্তির মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। রোববার (২৯ নভেম্বর) ভোরে জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণ এবং ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ ছিল।
নিহত নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। এর আগে একই ঘটনায় ইব্রাহিম সিপাহী নামে আরেকজন নিহত হন। তিনি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার হাফিজুর সিপাহীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় এলাকায় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং অন্তত ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধার মৃত্যু হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী জানান, ইব্রাহিম সিপাহী নামে এক যুবকের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে। তার ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের একজন শরীয়তপুর এবং অন্যজন মাদারীপুর জেলার বাসিন্দা। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



