বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের প্রতি তার বিশেষ অনুরাগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
টক শোতে দুদু বলেন, ফজলুর রহমান আওয়ামী লীগকে মনেপ্রাণে ভালোবাসতে এবং দলটির পক্ষে কথা বলতে চাইলে তা করতে পারেন। তবে বিএনপির সুযোগ-সুবিধা গ্রহণ করে অন্য দলের সাফল্য প্রচার করা ঠিক নয়। বিষয়টিকে পরকীয়ার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যের সাফল্য গাই—এটা তো ঠিক হবে না।’
বিএনপি নেতা হয়েও ফজলুর রহমানকে প্রায়ই আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের পক্ষে জোরালো বক্তব্য দিতে দেখা যায়। এ প্রসঙ্গে দুদু আরও বলেন, ফজলুর রহমানের বিভিন্ন বক্তব্য প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। উল্টাপাল্টা মন্তব্য করে তিনি সবসময় ফেসবুক সরগরম রাখেন বলেও কটাক্ষ করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।



