tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপ্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘকে ফিরিয়ে দেবে শান্তি পর্ষদ

প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘকে ফিরিয়ে দেবে শান্তি পর্ষদ

গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে ইসরায়েল প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে উপত্যকাটির তদারকির দায়িত্ব ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রনিয়ন্ত্রিত ‘পিস অব বোর্ড’ বা শান্তি পর্ষদ। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন পর্ষদের জ্যেষ্ঠ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ। চিঠিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী না হলে গাজার পুনর্গঠন তদারকির দায়িত্ব জাতিসংঘের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) পাঠানো ওই চিঠির বিষয়টি ইসরায়েলের একজন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরও দুই ব্যক্তি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন।

সূত্রগুলোর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, চিঠিতে ম্লাদেনভ স্পষ্ট করেছেন, গাজা ইস্যুতে নেতানিয়াহুর কাছে নতুন কোনো ছাড় চাইছে না শান্তি পর্ষদ। বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানের ২০ দফা পরিকল্পনা এবং ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। এসব পরিকল্পনা ও চুক্তিতে নেতানিয়াহু আগেই সম্মতি দিয়েছিলেন।

ইসরায়েলের কাছে প্রত্যাশিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ এবং হামাসের পরিবর্তে উপত্যকার প্রশাসন ও নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম শুরু করতে দেওয়া।

শান্তি পর্ষদ ইতোমধ্যে গাজা পরিচালনার জন্য ফিলিস্তিনি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সরকার গঠন করেছে। কয়েক হাজার ফিলিস্তিনিকে নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে দায়িত্ব পালনের জন্য শত শত মরক্কোর সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তবে এসব প্রস্তুতি সত্ত্বেও গাজায় কার্যক্রম শুরু করতে পারেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। গাজা পরিচালনার জাতীয় কমিটি (এনসিএজি) এখনো উপত্যকায় প্রবেশের অনুমতি পায়নি। পুলিশ বাহিনীর প্রশিক্ষণও মিসরে শুরু করা সম্ভব হয়নি। একইভাবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীও এখন পর্যন্ত গাজায় মোতায়েন হয়নি। এসব কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় অনুমোদন দিতে নেতানিয়াহু সরকার অস্বীকৃতি জানিয়ে আসছে।

নিরস্ত্রীকরণ নিয়েও ইসরায়েল-হামাসের বিরোধ

চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিচ্ছিল হামাস। বিশেষ করে অস্ত্রসমর্পণের বিষয়ে আলোচনায় গড়িমসি করছিল গোষ্ঠীটি। তবে শেষ পর্যন্ত গত ৩০ জুলাই শান্তি পর্ষদের নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি দেয় হামাস।

অন্যদিকে, ধাপে ধাপে নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নিতে গঠিত সংস্থাগুলোর কার্যক্রমও আটকে রেখেছে দেশটি।

কয়েক মাস ধরে নেতানিয়াহু সরকারের ওপর প্রকাশ্যে কঠোর চাপ প্রয়োগ থেকে বিরত ছিল শান্তি পর্ষদ। ধারণা করা হচ্ছিল, নির্বাচনী প্রচারের সময় এমন চাপ সৃষ্টি হলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নেতানিয়াহুকে দুর্বল হিসেবে তুলে ধরার সুযোগ পেতে পারেন।

তবে গত ২৭ অক্টোবরের নির্বাচন শেষ হওয়ার পরও ইসরায়েলে সরকার গঠন নিয়ে চূড়ান্ত ফল না আসায় পর্ষদ তাদের অপেক্ষার নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনাও জোরদার করেছে। পর্ষদের একাধিক কর্মকর্তা বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অবস্থানের সমালোচনা করেছেন।

শান্তি পর্ষদ গঠনের অন্যতম উদ্যোক্তা জ্যারেড কুশনার চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, গাজা নিয়ে অবস্থান পরিবর্তন না করলে ইসরায়েল বিশ্বজুড়ে ‘একঘরে রাষ্ট্রে’ পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।

পর্ষদের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবামও হুঁশিয়ারি দিয়েছেন, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের বাধা অব্যাহত থাকলে গাজার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব ফিরিয়ে দেওয়া হবে। সে ক্ষেত্রে উপত্যকার প্রায় ২০ লাখ বাসিন্দার দায়িত্ব নিতে হবে ইসরায়েল, হামাস, জাতিসংঘ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ কিংবা তাদের সমন্বয়ে গঠিত কোনো ব্যবস্থাকে।

ম্লাদেনভের চিঠির বক্তব্যও মূলত গ্রুয়েনবামের সতর্কবার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তিন সূত্র।

দায়িত্ব ছাড়ার হুঁশিয়ারি, অবস্থান বদলাচ্ছে ইসরায়েল?

২০২৫ সালের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার প্রতি সমর্থন জানায়। একই সঙ্গে ২০২৭ সালের শেষ পর্যন্ত গাজার যুদ্ধ-পরবর্তী রূপান্তর প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয় শান্তি পর্ষদকে।

তবে ইসরায়েল গাজার পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিতে থাকলে নির্ধারিত সময়ের আগেই এ দায়িত্ব জাতিসংঘের কাছে ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ম্লাদেনভ। যদিও চিঠিতে দায়িত্ব হস্তান্তরের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট তিন সূত্রের দাবি, চিঠি পাঠানোর পরের কয়েক দিনে নেতানিয়াহুর অবস্থান পরিবর্তনের কিছু ইঙ্গিত পেয়েছে শান্তি পর্ষদ। এর মধ্যে পর্ষদের অন্যতম উদ্যোক্তা জ্যারেড কুশনারের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওই আলাপে ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, রোববার দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠকে গাজা নিয়ে বেশ কিছু পদক্ষেপ অনুমোদনের জন্য তোলা হবে। এর মধ্যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়টিও রয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোমবার ম্লাদেনভের ব্রিফিংয়ের আগে পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতির প্রমাণ দেখাতে চায় ইসরায়েল বলে জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তা।

ইসরায়েলি হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়ার অভিযোগে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে ইসরায়েলি সেনাদের ওপর তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে এ ধরনের হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

শান্তি পর্ষদের সঙ্গে আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের চালানো সব হামলার লক্ষ্যবস্তু ব্যক্তিরা তাৎক্ষণিক হুমকি তৈরি করছিলেন বলে মনে করেন না যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। পাশাপাশি বেসামরিক মানুষের প্রাণহানি বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

ওই সূত্রের মতে, ইসরায়েলের অব্যাহত হামলা হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। কারণ, হামাসের সদস্যরা যদি মনে করেন অস্ত্র জমা দেওয়ার পরও তাঁদের হত্যা করা হবে, তাহলে তাঁরা নিরস্ত্রীকরণে অংশ নিতে আগ্রহ হারাতে পারেন।

ফলে গাজার ভবিষ্যৎ প্রশাসন, নিরাপত্তা ও পুনর্গঠন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।