tanaka
প্রচ্ছদসারাদেশআ.লীগের সঙ্গে সখ্যের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

আ.লীগের সঙ্গে সখ্যের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার অভিযোগে বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু এবং দুই সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও মো. শফিকুল ইসলাম বাবু বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু যুগান্তরকে বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্য কোনো নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন খান মনিরুজ্জামান। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।’