বগুড়ার বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (১ জুন) রাত থেকে মঙ্গলবার (২ জুন) দুপুর পর্যন্ত জেলার তিনটি উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
সোমবার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেটসংলগ্ন দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন পলাশ হোসেন (৪০)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাবু মণ্ডলের ছেলে এবং পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামিম হোসেন (১৮) নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা শামীম হোসেন (১৮)। নিহত তামিম বগুড়া সদর উপজেলার এরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. খোকনের ছেলে। আহত শামীম একই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। তারা দুজনেই পেশায় ফ্রিজ মিস্ত্রি ছিলেন। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলবার দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া সেতু এলাকায় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাকিল হোসেন (২৮) নিহত এবং তার সঙ্গী আশিক আহমেদ (২২) আহত হন। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, নিহত শাকিল ও আহত আশিক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রসুনশিমুলবাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



