ফিলিপাইনে একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সোমবার মধ্য ফিলিপাইনের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে।
পুলিশ এখনো এই গোলাগুলির ঘটনার পেছনে কারণ জানতে পারেনি। ঘটনাটি লেয়তে প্রদেশের তাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাই স্কুলে স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঘটেছে।
আঞ্চলিক পুলিশ এক বিবৃতিতে বলেছে, আহতদের চিকিৎসা ও যথাযথ চিকিৎসার জন্য অবিলম্বে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
সরকারি সম্প্রচার মাধ্যম পিটিভি জানিয়েছে, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা দুজনই শিক্ষার্থী বলে জানা গেছে। এদের মধ্যে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।ফিলিপাইনে স্কুলে গোলাগুলির ঘটনা বেশ বিরল। এর আগে ২০২২ সালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার আতেনিও দে ম্যানিলা বিশ্ববিদ্যালয়ে একটি স্নাতক অনুষ্ঠানের আগে গোলাগুলির ঘটনায় এক প্রাক্তন সিটি মেয়রসহ তিনজন নিহত হন। পরবর্তীতে এটি ‘ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত’ একটি গুপ্তহত্যা বলে নির্ধারিত হয়েছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে বৈধভাবে বন্দুক রাখার বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রিত।