আর কিছুক্ষণের মধ্যেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। শিরোপা নির্ধারণী এই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি শেয়ার করে ১৯ বছর বয়সী এই উইঙ্গার লিখেছেন, “For you and for the streets”। সংক্ষিপ্ত এই বার্তার মাধ্যমে তিনি নিজের বেড়ে ওঠার এলাকা রোকাফোন্দার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্পেনের মাতারো শহরের ওই এলাকাতেই ফুটবলে তার পথচলার শুরু। এমনকি ম্যাচে যে হেডব্যান্ডটি তিনি ব্যবহার করেন, তাতেও রোকাফোন্দার নাম লেখা থাকে।
ইয়ামালের পোস্ট করা ছবিতে তাকে তার ক্যারিয়ারের প্রথম ক্লাব লা তোরেতার জার্সি পরা অবস্থায় দেখা যায়। পাশাপাশি তিনি স্প্যানিশ র্যাপার মোরাদের একটি গানও যুক্ত করেছেন। নিজের শিকড়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা ইয়ামালের ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিচিত।
বিশ্বকাপের ফাইনালের আগে তার এই পোস্ট মুহূর্তেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, জীবনের সবচেয়ে বড় ম্যাচে নামার আগে নিজের শৈশব, সংগ্রাম এবং বেড়ে ওঠার স্মৃতিই তাকে বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে।
এদিকে, এবারের বিশ্বকাপের শুরুটা ইয়ামালের জন্য খুব একটা সুখকর ছিল না। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ দিকে পাওয়া চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট ছিলেন না তিনি। তবে ধীরে ধীরে ছন্দে ফিরে নকআউট পর্বে আবারও স্পেনের প্রথম একাদশে জায়গা করে নেন।
এ পর্যন্ত বিশ্বকাপে ইয়ামাল একটি গোল করেছেন, যা এসেছে সৌদি আরবের বিপক্ষে। এখনো কোনো অ্যাসিস্ট না করলেও দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ (এমভিপি) নির্বাচিত হয়েছেন এই উদীয়মান স্প্যানিশ তারকা।



