বাংলাদেশের ই-পাসপোর্টে আবারও ‘THIS PASSPORT IS VALID FOR ALL COUNTRIES OF THE WORLD EXCEPT ISRAEL’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ই-পাসপোর্টের জলছাপে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের তিন শহীদ—আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের ছবি সংযোজন করা হচ্ছে।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বীকৃতি না দেওয়ার নীতির ধারাবাহিকতায় পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করা হবে। উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে ই-পাসপোর্ট থেকে এ বাক্যটি বাদ দেওয়া হয়েছিল।
সরকারি আদেশ অনুযায়ী, ৪৮ ও ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান নকশা পুনর্বিন্যাস করে জলছাপ ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্যে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নকশা ধাপে ধাপে নতুন ইস্যু হওয়া সব ই-পাসপোর্টে ব্যবহার করা হবে।
নতুন নকশায় জাতীয় পাখি দোয়েল, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধের শিখা অনির্বাণ এবং জাতীয় সংসদ ভবনের ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের স্মারক হিসেবে তিন শহীদের বিশেষ জলছাপ সংযোজন করা হয়েছে।
এতে প্রতীকীভাবে দুই হাত প্রসারিত অবস্থায় দাঁড়িয়ে থাকা শহীদ আবু সাঈদের ছবি, উত্তরার আজমপুরে পানির বোতল হাতে থাকা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত শহীদ ওয়াসিম আকরামের ছবি ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শিরোনামে স্থান পেয়েছে।
অন্যদিকে নতুন নকশা প্রণয়নের অংশ হিসেবে ই-পাসপোর্ট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের দৃশ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরের মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত নকশা অনুযায়ী ৪৮ ও ৬৪ পৃষ্ঠার সব নতুন ই-পাসপোর্টে এসব পরিবর্তন কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।



