tanaka

রাতের কৃত্রিম আলো কি বাড়িয়ে দিচ্ছে এডিস মশার কামড়ের সময়?

সূর্য ডোবার পর শহর যত আলোকিত হচ্ছে, ততই বদলাচ্ছে রাতের পরিবেশ। আর এর সঙ্গে এডিস মশার আচরণেও কোনো পরিবর্তন ঘটছে কি না, তা নিয়ে...
প্রচ্ছদরাজধানীটিএসসিতে বিশ্বকাপের ফাইনাল দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

টিএসসিতে বিশ্বকাপের ফাইনাল দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় বিশ্বকাপ ফুটবল ফাইনাল দেখতে এসে প্রাইভেট কার চুরির শিকার হয়েছেন এক দর্শক। ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী হাফিজার রহমান জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে স্ত্রীকে নিয়ে টিএসসি এলাকায় বিশ্বকাপের খেলা দেখতে যান তিনি। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে হাকিম চত্বরের রোকেয়া হল-সংলগ্ন এলাকায় নিজের প্রাইভেট কারটি পার্কিং করেন। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে দেখেন, গাড়িটি আর সেখানে নেই।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরবরাহ করা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, মাত্র দুই মিনিটের মধ্যেই তিন ব্যক্তি পরিকল্পিতভাবে গাড়িটি চুরি করে নিয়ে যায়। ফুটেজে দেখা যায়, দুইজন মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করেন এবং অপর একজন চুরি হওয়া প্রাইভেট কারটি চালিয়ে নীলক্ষেতমুখী সড়ক দিয়ে চলে যান।

ঘটনার পরদিন সকালে গাড়ির মালিকের বাবা সামসুল হক শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তের জন্য হস্তান্তরের পরামর্শ দিলে রোববার (১৯ জুলাই) ভুক্তভোগী ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে এ-সংক্রান্ত আবেদন করেন।

হাফিজার রহমান বলেন, “আমি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলাফেরা করি। এখানকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীও ছিলাম। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এভাবে প্রাইভেট কার চুরির ঘটনা আগে কখনো দেখিনি বা শুনিনি। বিষয়টি আমার কল্পনারও বাইরে ছিল।”

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, “ঘটনার পরপরই আমরা ভুক্তভোগীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করেছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে এআই-সক্ষম ক্যামেরা স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ নিয়ে প্রশাসনের কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে।”

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।