মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হার দিয়ে সিরিজ শুরু হলেও ব্যক্তিগত অর্জনে মাইলফলক স্পর্শ করেছেন মুমিনুল হক সৌরভ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের ঘর অতিক্রম করেছেন বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
‘হোম অব ক্রিকেট’খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। দলের এই হতাশার মধ্যেই ব্যাট হাতে ব্যক্তিগত মাইলফলক গড়েছেন টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিত মুমিনুল।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন তুষার ইমরান। জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট ও ৪১টি ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান ৩০৭ ইনিংসে করেছেন ১১ হাজার ৯৭২ রান। তাঁর সংগ্রহে রয়েছে ৩২টি সেঞ্চুরি ও ৬৩টি হাফসেঞ্চুরি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ‘ছক্কা নাঈম’ নামে পরিচিত নাঈম ইসলাম। জাতীয় দলের হয়ে ৫৯টি ওয়ানডে, ১০টি টি-টোয়েন্টি ও আটটি টেস্ট খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০২ ইনিংসে ব্যাট করে ৩৪টি সেঞ্চুরি ও ৪৭টি হাফসেঞ্চুরির সাহায্যে তাঁর রান ১১ হাজার ২৫৩।
অন্যদিকে, মুমিনুল এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯৭ ইনিংসে ব্যাট করে ২৯টি সেঞ্চুরি ও ৫৪টি হাফসেঞ্চুরিসহ ১১ হাজার ১৭ রান করেছেন। নাঈম ইসলামকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠতে তাঁর প্রয়োজন আরও ২৪২ রান। আর তুষার ইমরানকে ছাড়িয়ে দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে হলে মুমিনুলকে করতে হবে আরও ৯৬১ রান।



