tanaka

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্রিফিং ডেকেছে ডিএমপি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরসংলগ্ন নিউগিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে বলে অভিযোগ...
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৫ জন। হামলার পর আহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছানো একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে এক উদ্ধারকর্মী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সড়কের পাশে পুলিশের চেকপোস্টে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলাটি চালানো হয়। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজী জানান, বিস্ফোরণের পর আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়ার সময় জরুরি সেবাকর্মীদের একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। এতে একজন উদ্ধারকর্মী নিহত ও দুজন আহত হন।

স্থানীয় পুলিশপ্রধান সফদার বালোচ জানান, নিহত ও আহতদের বেশির ভাগই নিরাপত্তাকর্মী ও পথচারী। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে। শক্তিশালী বিস্ফোরণে পুলিশের চেকপোস্টটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে গুলির শব্দও শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার উল্লেখযোগ্য অংশের দায় টিটিপি এবং বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) স্বীকার করেছে।

পাকিস্তানি তালেবান আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান থেকে পৃথক সংগঠন হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, আফগান ভূখণ্ডে টিটিপির সদস্যদের তৎপরতা বন্ধে কাবুল যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। তবে আফগান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জারদারি বেসামরিক নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলাকে নিন্দনীয় উল্লেখ করে টিটিপির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে, মাত্র দুই দিন আগে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ১৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি করে পাকিস্তান সরকার। আফগানিস্তানে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পাকিস্তানের সাম্প্রতিক হামলার পর ওই সংঘর্ষের ঘটনা ঘটে।