বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের চারটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে এক দিনের জন্য বিনা মূল্যে প্রবেশের সুযোগ দিয়েছে জেলা প্রশাসন। পর্যটকদের জন্য নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে এ সুবিধা দেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সজীব কান্তি রুদ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার তত্ত্বাবধানে পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নির্ধারিত দিনে দর্শনার্থীদের কাছ থেকে কোনো প্রবেশ ফি নেওয়া হবে না।
প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। পর্যটনের গুরুত্ব, স্থানীয় অর্থনীতিতে এ খাতের অবদান এবং পর্যটনের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই দিবসটির অন্যতম উদ্দেশ্য।
জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পর্যটকের সংখ্যা বাড়লে স্থানীয় হোটেল-রিসোর্ট, পরিবহন, খাবারের দোকানসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন খাতও উপকৃত হবে বলে মনে করছেন বান্দরবান হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।



