পল্লবীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার পরিবারের সঙ্গে সমবেদনা জানাতে মঙ্গলবার দুপুরে তার বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সঙ্গে ছিলেন উত্তর বিএনপির আরও কয়েকজন নেতা।
এসময় আমিনুল হক বলেন, “ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি।” তিনি আরও যোগ করেন, “আমি দৃঢ়ভাবে আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাকি জড়িতদেরও গ্রেফতার করবে। ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই, এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। এমন ঘটনা আর আমরা দেখতে চাই না।”
ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, “গত ১৭ বছরে আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি; বহু নেতাকে গুম ও হত্যা করা হয়েছে। এখন যখন দেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে, তখনই কিছু কুচক্রী মহল আবারও সন্ত্রাস সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে চাইছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর সেকশন–১২ এলাকায় রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হামলার সময় রিকশা দ্রুত চালাতে না পারায় একজন রিকশাচালককেও গুলি করা হয়। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।



