বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে তাঁর আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
এর মধ্যেই মিষ্টির পদত্যাগের বিষয়টি জানাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সামনে তিনি কথা বলবেন বলে সংসদ সচিবালয় জানিয়েছে।
এর আগে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে স্পিকারের দপ্তরে যান মিষ্টি। প্রায় পাঁচ মিনিট পর সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। তখন সাংবাদিকেরা পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি মিষ্টি।
তিনি বলেন, ‘বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে।’
স্পিকার তাঁকে ডেকেছিলেন জানিয়ে মিষ্টি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, আমি স্পিকারের সঙ্গে কথা বলতে আসছি।’
এর আগে ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ বিষয়টি নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশের পরই মিষ্টি স্পিকারের সঙ্গে দেখা করেন এবং তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ অক্টোবর পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর সংসদীয় আসন শূন্য হয়েছে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁর পদত্যাগের নির্দেশ আসে। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে তদন্ত ও আইনি পদক্ষেপের বিষয়টিও সামনে এসেছে।
স্পিকারের জরুরি সংবাদ সম্মেলনে মিষ্টির পদত্যাগ, আসন শূন্য হওয়া এবং এ-সংক্রান্ত সংসদীয় প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য আসতে পারে।



