tanaka
প্রচ্ছদজাতীয়শাহজালাল বিমানবন্দরে লাগেজ ভোগান্তি, জামায়াতের চার এমপির লিখিত অভিযোগ

শাহজালাল বিমানবন্দরে লাগেজ ভোগান্তি, জামায়াতের চার এমপির লিখিত অভিযোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা ও হয়রানির অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য। এ ঘটনায় যাত্রী হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে বিমান কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

অভিযোগকারী চার সংসদ সদস্য হলেন—শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন আইউবী এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।

তাদের অভিযোগ, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটে মদিনা থেকে ঢাকায় অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি৩৩৮ ফ্লাইট। তবে অবতরণের প্রায় তিন ঘণ্টা পরও ফ্লাইটটির বেশির ভাগ যাত্রী ট্যাগযুক্ত লাগেজ হাতে পাননি।

এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ করেন ওই চার সংসদ সদস্য।

অভিযোগপত্রে বলা হয়, বিজি৩৩৮ (মদিনা-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রীদের বেশির ভাগই দীর্ঘ সময় অপেক্ষা করেও তাদের লাগেজ বুঝে পাননি। যাত্রীদের মধ্যে অন্তত ৩৫ জন সংসদ সদস্য ছিলেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও লাগেজ না পাওয়ার বিষয়ে যাত্রীদের যৌক্তিক কোনো কারণ জানানো হয়নি এবং দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগও দেখা যায়নি।

এতে যাত্রীদের মধ্যে ভোগান্তি ও হয়রানির সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। লাগেজ বুঝে না পেয়ে অনেক যাত্রীকে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে বাধ্য হতে হয়। বিষয়টি দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন তাঁর ফেসবুক পেজে অভিযোগপত্রের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভোগান্তির শেষ কোথায়?’

তিনি আরও জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে অবতরণ করা বিজি৩৩৮ ফ্লাইটের সাধারণ যাত্রীদের পক্ষ থেকে যাত্রী হয়রানি, মালামাল যথাযথভাবে বুঝে না পাওয়া এবং কর্তব্যে অবহেলার অভিযোগে চার সংসদ সদস্য বিমান কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ অভিযোগপত্রটি পেয়েছে বলে বিমান সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

লাগেজ সরবরাহে বিলম্বের কারণ এবং যাত্রীদের অভিযোগের বিষয়ে বিমান কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।