চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাবের আহমদ আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে আজীবনের জন্য অবসরের ঘোষণা দিয়েছেন।
রোববার (২৯ মার্চ) স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি এবং হলফনামার মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে তিনি এ সংক্রান্ত হলফনামা সম্পাদন করেন।
হলফনামায় ছাবের আহমদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। তবে তিনি দাবি করেন, এই পদ তার ব্যক্তিগত চাওয়া ছিল না; বরং জেলা পর্যায়ের নেতাদের সিদ্ধান্তেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
তিনি বলেন, সক্রিয় রাজনীতিতে তার অংশগ্রহণ ছিল সীমিত। শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। এ কারণে স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে তিনি আলোচনায় আসেন। এরপরও নির্বাচনে জয়ী হয়ে চেয়ারম্যান হন এবং পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পান।
২০২২ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয়ী হন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।
গণমাধ্যমকে ছাবের আহমদ বলেন, ‘আমি আর কখনো রাজনীতি করব না। আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত—কোনো দলের সঙ্গেই যুক্ত থাকব না। তবে মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ চালিয়ে যেতে চাই।’



