tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিরেমিট্যান্সে নতুন ইতিহাস, আগের সব রেকর্ড ভাঙলেন প্রবাসীরা

রেমিট্যান্সে নতুন ইতিহাস, আগের সব রেকর্ড ভাঙলেন প্রবাসীরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও রেমিট্যান্স প্রবাহে নতুন ইতিহাস গড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মাস শেষ হওয়ার তিন দিন আগেই, চলতি মার্চের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ হাজার কোটি টাকা। দেশের ইতিহাসে এক মাসে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চলতি মার্চের ২৮ দিনেই যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে কোনো এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

ব্যাংকারদের মতে, রমজান ও ঈদকে ঘিরে প্রতি বছরই রেমিট্যান্স প্রবাহ বাড়ে। তবে এবার মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার কারণে অনেক প্রবাসী নিরাপত্তাজনিত শঙ্কায় সঞ্চিত অর্থ দেশে পাঠিয়ে থাকতে পারেন, যা প্রবাহ বাড়াতে ভূমিকা রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ১৭০ কোটি ডলার। সে হিসাবে রেমিট্যান্স বেড়েছে ৪০৯ কোটি ডলার বা ১৮ দশমিক ৮৩ শতাংশ।

এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ডলারের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বর্তমানে ডলারের দর প্রায় ১২২ টাকা ৭৫ পয়সা, যা দীর্ঘদিন ধরে ১২২ টাকা ৩০ থেকে ৫০ পয়সার মধ্যে ওঠানামা করছিল।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কিছুটা শক্তিশালী হয়েছে। রোববার দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ রয়েছে ২৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, গত ৯ মার্চ আকু (ACU) বিল পরিশোধের আগে রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার হয়েছিল। দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে, যা ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। পরবর্তীতে তা কমে গিয়ে এক পর্যায়ে বিপিএম৬ অনুযায়ী ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার এবং গ্রস রিজার্ভ ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে।