আগামী ৬ মাসের মধ্যে সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিতে ৫ দফা প্রস্তাব তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৯ মার্চ) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে— নির্ধারিত সময়ের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন; উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ বন্ধ রাখা; নতুন সরকার গঠনের পর নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের নির্বাচন প্রক্রিয়া থেকে বিরত রাখা; সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজন; এবং আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া।
একই সংবাদ সম্মেলনে রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের মোট পাঁচটি সিটি করপোরেশনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকাও ঘোষণা করে এনসিপি। তালিকা ঘোষণা করেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মনোনীত প্রার্থী হিসেবে থাকছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশনে মোবাশ্বের আলীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।



