tanaka
প্রচ্ছদরাজনীতিনির্বাচনি প্রচারণায় প্রথম দিনেই তারেক রহমানের চমক

নির্বাচনি প্রচারণায় প্রথম দিনেই তারেক রহমানের চমক

নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই ব্যাপক জনসমাগম ও টানা পথসভা শেষে চমক দেখালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঘড়ির কাঁটায় তখন ভোর পৌনে ৪টা। সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ভৈরব ও নরসিংদীতে একের পর এক পথসভা শেষ করে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা গাড়িতে করে তিনি পৌঁছান নারায়ণগঞ্জের আড়াইহাজারে।

এর আগেই সন্ধ্যা ৮টা থেকে আড়াইহাজারের পাঁচরক্ষী বেগম আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ভোটাররা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েত হতে থাকেন। সারারাত অপেক্ষায় থাকেন হাজারো মানুষ। ভোর পৌনে ৪টায় তারেক রহমানের গাড়ি সমাবেশস্থলে পৌঁছালে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানকে এক নজর দেখার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত জনতা। সারারাত জেগে থাকলেও কারও মুখে ক্লান্তির ছাপ দেখা যায়নি। মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।

জনসভা মঞ্চে উঠেই হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান। বক্তব্যের শুরুতেই নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করে স্থানীয় জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, সিলেট থেকে আসার পথে বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে সময় বেশি লেগেছে। রাত ৮টায় আসার কথা থাকলেও সে কারণে বিলম্ব হয়েছে।

ভোর পর্যন্ত অপেক্ষা করায় নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে জামাতে পড়তে হবে। ভোটকেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এ সময় উপস্থিত জনতা হাত তুলে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

পাঁচরক্ষীর জনসভায় তারেক রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়তে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। বেকারত্ব দূর করতে যুবকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি, দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষিকার্ড এবং কৃষি উন্নয়নে খাল খনন কর্মসূচিসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

তিনি নেতাকর্মীদের স্লোগান বন্ধ রাখতে অনুরোধ জানিয়ে বলেন, একটি গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলতে চাই। একটি দল গ্রামে গ্রামে গিয়ে আমাদের মা-বোনদের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। তারা মানুষকে বিভ্রান্ত করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারেক রহমান অভিযোগ করে বলেন, একদল মানুষ ডাকাতির মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়েছে, আরেক দল ভোট নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে। এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। পোস্টাল ব্যালট দখল করা হয়েছে এবং ধর্মের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে খাল খনন কর্মসূচি চালু করা হবে। সামান্য বৃষ্টিতেই বর্তমানে জলাবদ্ধতা তৈরি হয়। মুরুব্বিরা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণকে সঙ্গে নিয়ে খাল খনন করেছিলেন। আবারও সেই উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি নারায়ণগঞ্জের চারটি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের জন্য ভোট চান। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলাম দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।