ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি এম মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন-এর নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে সালাহউদ্দিন আহমেদ জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নিরবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন,
“সমগ্র বাংলাদেশে আসনভিত্তিকভাবে যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা আলোচনা করেছি। এটি বৃহত্তর ঐক্যের প্রক্রিয়ারই একটি অংশ। আমরা চাই দলের ভেতরে ও জাতির মধ্যে ঐক্য বজায় থাকুক। যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, তাদের সঙ্গেও একত্রে কাজ করে একটি বৃহৎ জোট গঠনের চিন্তা করছি, যেন সবাই মিলে আগামী নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে পারি।”
তিনি আরও বলেন,
“আমাদের প্রার্থীদের প্রতি বার্তা একটাই—বিভেদ নয়, ঐক্য। জাতির মধ্যে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। কেউ যেন বিভেদের পথে না যায়, সেটিই আমরা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি।”



