নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে সাফল্যের পর বড় পর্দায়ও নিজের অবস্থান দৃঢ় করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্স দিয়েও বরাবরই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিন্নধর্মী ও স্টাইলিশ লুকে ধরা দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় মেহজাবীন নিয়মিতই তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত রাতে অনুষ্ঠিত বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ আয়োজনে চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননাও অর্জন করেন মেহজাবীন।
পুরস্কারের সাফল্যের পাশাপাশি অনুষ্ঠানে তার উপস্থিতি ও লুকও হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্বামী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অনুষ্ঠানে হাজির হন মেহজাবীন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনজুড়ে ছিল উচ্ছ্বাস ও আগ্রহ।
অনুষ্ঠান শেষে ফেসবুকে একাধিক ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, উজ্জ্বল কালো রঙের একটি লং গাউনে মেহজাবীন। পোশাকটির ওপরের অংশে টাই-আপ ডিটেইলস তার লুকে বাড়তি আভিজাত্য যোগ করেছে।
তার সঙ্গে মানানসই হেয়ারস্টাইল ও মেকআপও ছিল নজরকাড়া। সাইড পার্ট করা হালকা কার্ল করা চুল, গ্লসি মেকআপ এবং ঠোঁটে ডার্ক শেডের লিপস্টিক তার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। কানে সাদা মুক্তার দুল ও হাতে স্টাইলিশ হ্যান্ডব্যাগ—সব মিলিয়ে পুরো লুকে ছিল আধুনিকতা ও এলিগ্যান্সের নিখুঁত সমন্বয়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বিএফডিএ অ্যাওয়ার্ড নাইট লুক।’
ছবি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন মেহজাবীন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘সকাল সকাল মনটা ভালো হয়ে গেল, জাস্ট লুকিং ওয়াও!’ অনেকেই তাকে ‘গর্জিয়াস’ বলে অভিহিত করেছেন।



