জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে নাটক ‘শালবৃক্ষের মৃত্যু’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা। এটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ৪র্থ বর্ষের ‘অভিনয় অনুশীলন’ কোর্সের অংশ হিসেবে মঞ্চায়িত হয়।
২০ ও ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের জিয়া হায়দার ল্যাবে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আসছে ২৩ আগস্ট নাটকটির তৃতীয় প্রদর্শনী হবে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে।
সেলিনা হোসেনের “মৃত্যুর সূত্র কী” এবং মহাশ্বেতা দেবীর “শিকার” গল্প অবলম্বনে নির্মিত নাটকটি আদিবাসী জীবনের সংগ্রাম, শালবনের অস্তিত্ব সংকট এবং শোষণের বিরুদ্ধে প্রতিরোধকে মানবিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরে। চরিত্রগুলোর মধ্যে চলেশ ও মেরী প্রতীক হয়ে দাঁড়িয়েছে আদিবাসী জনগোষ্ঠীর আত্মপরিচয় ও পূর্বপুরুষের ভূমি রক্ষার লড়াইয়ে।
নাটকে প্রকৃতির সঙ্গে আদিবাসীদের নিবিড় সম্পর্ক, শিকার উৎসবসহ সাংস্কৃতিক উপাদান এবং শালবনকে জীবন্ত সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। শালবৃক্ষের মৃত্যু এখানে প্রতীকীভাবে আদিবাসী সংস্কৃতি ও অস্তিত্ব সংকটের রূপক হয়ে উঠেছে।
নাটকের নির্দেশক ড. সৈয়দ মামুন রেজা বলেন,
“ক্ষমতার জোরে দুর্বলের ওপর শোষণ মানবসভ্যতার দীর্ঘ ইতিহাস। বহু জাতিগোষ্ঠীর সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য বিলীন হয়ে গেছে। এই নাটক সেই শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামরত মানুষের কাহিনি—যা শুধু বিনোদন নয়, বরং চলমান অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ।”



