tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। এ সময় তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যান্ড্রুজ উল্লেখ করেন, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের আশাকে টিকিয়ে রাখতে ড. ইউনূস এবং রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি বিশ্ব কৃতজ্ঞ।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জাতিসংঘের এ সম্মেলন দীর্ঘস্থায়ী সংকট সমাধানে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক আর্থিক সহায়তা হ্রাসের ফলে স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। এজন্য তিনি অ্যান্ড্রুজকে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অ্যান্ড্রুজ বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করে বলেন, রাখাইনকে স্থিতিশীল করা এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরির জাতিসংঘ মহাসচিবের উদ্যোগটি দুরভিসন্ধিমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর ধারাবাহিক প্রচেষ্টা দ্রুত ও স্থায়ী সমাধান এনে দিতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেকহোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করবেন অ্যান্ড্রুজ। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।