গোপালগঞ্জের মুকসুদপুরে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আট নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনজ মৌলিক।
পদত্যাগকারী নেতারা হলেন—ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনজ মৌলিক ও কাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আক্কাচ চোকদার এবং ননীক্ষীর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।
মনজ মৌলিক বলেন, “আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের সব পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় আমরা সবসময় কাজ করে যাব।”



