পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ধর্ষণের শিকার পাঁচ বছর বয়সী এক শিশুর বাবার সাথে ডাক্তারের অশোভন ও অসামাজিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর দ্রুত ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে।
অভিযুক্ত চিকিৎসক আবুল কাশেম বিসিএস ২৮ ব্যাচের কর্মকর্তা এবং বর্তমানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ অনুযায়ী, শিশু ওয়ার্ড পরিদর্শনের সময় তিনি রোগীর বাবার সাথে অশোভন ভাষায় কথা বলেন এবং শারীরিক আঘাতের হুমকিও দেন। এ সময় উপস্থিত নার্সদের সামনেই তিনি এমন আচরণ করেন।
ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ওই ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অনেকে মন্তব্য করেন, একজন চিকিৎসকের কাছ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য এবং তাকে চিকিৎসা পেশা থেকে বহিষ্কার করা উচিত।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডাক্তার ফোন রিসিভ করেননি। তবে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, বিষয়টি তদন্তাধীন এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর দেবীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় পাঁচ বছর বয়সী ওই শিশুটি ধর্ষণের শিকার হয়। পরদিন তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।



