দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের খবর সরাসরি সম্প্রচারের সময় আবেগ ধরে রাখতে পারেননি এক টেলিভিশন উপস্থাপিকা। বিনিয়োগকারীদের লোকসান ও বাজারের অনিশ্চিত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। কান্না সামলে অনুষ্ঠান চালিয়ে যেতে কয়েকবার বিরতি নিতেও দেখা যায় তাকে। এ সময় বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা হারাবেন না।’
বুধবার (২৫ নভেম্বর) শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় এ ঘটনা ঘটে। কিম আহ-হিউন নামের ওই উপস্থাপিকা সিউল ইকোনমিক টিভির ‘কিম আহ-হিউনস গোল্ডেন স্টক’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
বাজারে বড় ধরনের লোকসান এবং যুক্তরাষ্ট্রের নাসডাক সূচকে আরও দরপতনের আশঙ্কা নিয়ে কথা বলার একপর্যায়ে তার কণ্ঠ ভারী হয়ে আসে। কথা বলতে গিয়ে থেমে যান তিনি। চোখ বন্ধ করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। পরে আবেগ নিয়ন্ত্রণ করে আবারও অনুষ্ঠান চালিয়ে যান।
সম্প্রচারের ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
অনুষ্ঠানে কিম দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক কোস্পির (কেওএসপিআই) বড় ধরনের পতনের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি স্যামসাং ইলেকট্রনিকসসহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের লোকসান নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে নাসডাক সূচকে আরও দরপতনের সম্ভাবনার কথা জানিয়ে বিনিয়োগকারীদের সামনে কঠিন সময় আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
বাজারের এমন হতাশাজনক পরিস্থিতিতে বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান উপস্থাপিকা। বাজারের অস্থিরতায় ভেঙে না পড়ে আশা ধরে রাখার পরামর্শও দেন তিনি।
এদিকে কিমের আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতির বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে আলোচিত কোনো শেয়ার বা আর্থিক পণ্যে কিম নিজেও বিনিয়োগ করেছিলেন কি না, কিংবা ঠিক কোন কারণে তিনি সম্প্রচারের সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি।



