রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন—তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার লিচুবাগান এলাকার ওই বাসায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ইভার বোন ফারজানা আক্তার জানান, রাত দেড়টার দিকে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বাসার এসি বিস্ফোরণ ঘটে, এতে ঘরের ভেতরে থাকা চারজনই দগ্ধ হন।
তিনি আরও বলেন, তুহিন রাজধানীর মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলায় হলেও তিনি পরিবারসহ ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকায় ভাড়া থাকতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তুহিনের শরীরের ৪৭ শতাংশ, ইভার ১৫ শতাংশ, তানভীরের ৪০ শতাংশ এবং তাওহীদের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে তুহিন, ইভা ও তানভীরের অবস্থা আশঙ্কাজনক।



