tanaka
প্রচ্ছদসারাদেশডিএনএ পরীক্ষায় মিল, গণপতি পরিবারের চার খুনে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

ডিএনএ পরীক্ষায় মিল, গণপতি পরিবারের চার খুনে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতে দুই আসামির সংশ্লিষ্টতা পাওয়ার পর এ অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান, সকালে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েছে। রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে দুই আসামির জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তদন্তের অংশ হিসেবে এ পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দুই আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।

গত ২২ আগস্ট রাতে নগরের মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

শুরুতে থানার এক পরিদর্শক মামলাটির তদন্ত করলেও পরে এর দায়িত্ব দেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশকে। বর্তমানে মামলাটি তদন্ত করছেন পরিদর্শক জিন্নাত আলী। ডিবির হাতে তদন্তভার যাওয়ার প্রায় তিন মাসের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হলো।

তদন্তের অংশ হিসেবে গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পরে সেগুলো পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সংগৃহীত নমুনার মধ্যে ছিল খেজুরের বীজ, শসার অংশ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের অবশিষ্টাংশ, বেসিনের দাগ এবং আসামিদের রক্তের নমুনা।

তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী জানান, ডিএনএ পরীক্ষায় খেজুরের বীজে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং সিগারেটের অবশিষ্টাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতার গলায় পেঁচানো গামছার নমুনাতেও মুগ্ধের ডিএনএ শনাক্ত হয়েছে।

ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করেই অভিযোগপত্র তৈরি করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

এদিকে নিহত আগামী ও প্রীতিলতা ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিশ্চিত হতে সংগৃহীত নমুনাও পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গণপতি চক্রবর্তী অবসরে যাওয়ার পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন—এমন তথ্য জানতে পেরেছিলেন আসামিরা। বাড়িতে স্বর্ণালংকারও রয়েছে বলে তাঁদের ধারণা ছিল। এসব অর্থ ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাঁরা পাশের বাড়ির ছাদ দিয়ে গণপতিদের বাড়িতে প্রবেশ করেন। এরপর পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।