পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের নামে থাকা ২১টি স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্ত্রীর নামে থাকা একটি গাড়ি জব্দেরও আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক রাসেল রনি সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আবেদনটি করেন। আবেদনে উল্লেখ করা হয়, অপূর্ব হাসান পল্লবী থানার সাবেক ওসি। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সামন্তহাটি এলাকায়। ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
দুদকের অনুসন্ধানে অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের নামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অপূর্ব হাসানের নামে ১০টি এবং তার স্ত্রীর নামে ১১টি স্থাবর সম্পদের সন্ধান মিলেছে। এসব সম্পদের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন মৌজায় জমি এবং রাজধানীর বাড্ডা এলাকার সম্পত্তি রয়েছে।
এ ছাড়া অপূর্ব হাসানের নামে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে থাকা দুটি ব্যাংক হিসাবের তথ্যও আবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তার স্ত্রীর নামে একটি গাড়ির সন্ধান পেয়েছে দুদক।
কমিশনের আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়, অনুসন্ধানাধীন এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করা হতে পারে। এতে ভবিষ্যতে সম্পদগুলো উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার লক্ষ্যে সম্পদগুলো ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখা জরুরি বলে মনে করে দুদক।
আদালত দুদকের আবেদন পর্যালোচনা করে সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং গাড়ি জব্দের নির্দেশ দেন।



