tanaka
প্রচ্ছদসারাদেশনেত্রকোনায় এনসিপি নেতার বাসায় আগুন, তীব্র নিন্দা জানালেন আসিফ মাহমুদ

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় আগুন, তীব্র নিন্দা জানালেন আসিফ মাহমুদ

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দেওয়া হয়। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেন তিনি।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ধারাবাহিক হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে দেশে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। জুলাই গণঅভ্যুত্থানে জনগণের দ্বারা বিতাড়িত হওয়ার পরও তাদের এমন তৎপরতা বন্ধ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা দায়ের কিংবা তদন্তের অজুহাতে সময়ক্ষেপণের মাধ্যমে দায় এড়ানোর সুযোগ নেই। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে দ্রুত হামলাকারীদের শনাক্ত করতে হবে।

তিনি আরও বলেন, শুধু সরাসরি হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের নয়, ঘটনার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা এবং নেপথ্যে থেকে মদদ দেওয়া ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দ্রুত বিচার সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টের শেষাংশে আসিফ মাহমুদ ফাহিম রহমান খান পাঠান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।