সরকারি ব্যবস্থাপনায় প্রায় বিনা খরচে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথম দফায় ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে এ প্রক্রিয়ায় প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিদেশগামী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিদেশে জনশক্তি রপ্তানির কার্যক্রমের সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।
এরপর বক্তব্য দেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান। তার ভাষ্য, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় প্রথম শ্রমবাজারকেন্দ্রিক মালয়েশিয়া সফরের ফলেই দেশটির শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়াগামী কর্মীদের শুভকামনা জানান। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও নির্দেশনায় শুরু হওয়া এ সুযোগ কাজে লাগিয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন এবং বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রথম পর্যায়ে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। ধাপে ধাপে প্রায় ১০ হাজার কর্মীকে দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ বিরতির পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও কর্মী পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় দেশটির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভাষা শেখার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আরও বেশি দক্ষতা অর্জনের পর কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হলে তা ব্যক্তি ও দেশের জন্য অধিক ফলপ্রসূ হতো। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কাজ করতে আগ্রহীদের প্রশিক্ষিত করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী জানান, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম চালু করা হবে।
বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার বিষয়ে কর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, বিদেশের মাটিতে প্রত্যেক কর্মীকেই বাংলাদেশি হিসেবে বিবেচনা করা হবে। ফলে তাদের আচরণ, কথাবার্তা ও কাজের মধ্য দিয়েই সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশকে মূল্যায়ন করবে। তাই দেশটির সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও প্রচলিত নিয়মকানুন মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠানে কর্মীরা কাজ করবেন, সেখানে সুনাম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তাদের ভালো কাজ দেখে নিয়োগদাতারা ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী হবেন। এতে বাংলাদেশের কর্মীদের প্রতি বিদেশি প্রতিষ্ঠানগুলোর আস্থা বাড়বে।
বিদায়ী কর্মীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী তাদের সুস্বাস্থ্য ও সফল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে এ কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন। পরে তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং কুশল বিনিময় করেন। এ সময়ও তিনি দেশের সম্মান অক্ষুণ্ন রাখতে বিদেশে দায়িত্বশীল আচরণ এবং সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।



