বলিউড সুপারস্টার শাহরুখ খানকে অনন্ত আম্বানি চুপ থাকতে বলেছিলেন—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি দাবিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ উল্লেখ করে সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ খানের আইনজীবী।
সোমবার (২৩ নভেম্বর) কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মার কাছে এ আইনি নোটিশ পাঠানো হয়।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সদ্গুরুর সঙ্গে কথা বলছেন অনন্ত আম্বানি। এ সময় তাঁর পাশেই ছিলেন শাহরুখ খান।
ভিডিওতে কথোপকথনের একপর্যায়ে অনন্তকে ঠোঁটের কাছে আঙুল তুলে শাহরুখকে কিছু একটা ইঙ্গিত করতে দেখা যায়। তাঁর এই অঙ্গভঙ্গিকে অনেকে শাহরুখকে চুপ থাকতে বলার সংকেত হিসেবে ব্যাখ্যা করেন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ ঘটনায় কেউ কেউ অনন্ত আম্বানির আচরণের সমালোচনা করেন। আবার অনেকে বিষয়টিকে তাঁদের বন্ধুত্বপূর্ণ কথোপকথনের অংশ হিসেবে দেখেন।
এদিকে, ঘটনাটি নিয়ে কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মা একটি রিল তৈরি করেন। শাহরুখ খানের আইনজীবীর দাবি, ওই রিলে প্রকাশিত অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। এ ধরনের বক্তব্য অভিনেতার ব্যক্তিগত সম্মান, ভাবমূর্তি ও মর্যাদার জন্য ক্ষতিকর হতে পারে।
আইনি নোটিশে বিতর্কিত রিলটি অবিলম্বে সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।



