বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন অভিযোগ করেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় অনুভূতির ক্রমাগত অপব্যবহার করছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা হলো একটি সমান সুযোগের পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড, যেখানে প্রতিটি দল সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে আমরা দেখেছি, নানা উপায়ে এই সমতা ভঙ্গ করা হচ্ছে এবং একটি বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার বিকালে গুলশানস্থ বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, “আমরা গণমাধ্যমে দেখেছি যে ভোটগ্রহণের সময় তাদের মার্কায় ভোট দিতে পবিত্র কোরআন স্পর্শ করে শপথ নেওয়া হচ্ছে, যা সরাসরি নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। এছাড়া, তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নাম্বার সংগ্রহ করছে, যা অসাধু উদ্দেশ্যের পরিচায়ক।”
তিনি আরও উল্লেখ করেন, “মধ্যপ্রাচ্যের কিছু দেশে যেমন বাহরাইন, ওমান, কুয়েত ও সৌদি আরব, শত শত ব্যালট একটি নির্দিষ্ট দলের কর্মীদের কাছে রয়েছে। কোথাও একজনের নাম্বার ব্যবহার করে আরেকজনের পোস্টাল ব্যালট সংগ্রহ করা হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত এবং বেআইনি। যেহেতু প্রবাসীদের ভোটাধিকার এইবার প্রথমবারের মতো প্রয়োগ হচ্ছে, আমরা চাই প্রবাসীদের ভোট প্রক্রিয়াতেও সমতা ও ন্যায্যতা নিশ্চিত হোক।”



