আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার আশা প্রকাশ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনি তো একসময় বলেছিলেন, দেশ ছেড়ে যাবেন না। কিন্তু তিনি দেশ ছেড়ে গেছেন। এখন তিনি বলছেন দেশে ফিরবেন। আমার বিশ্বাস, এবারও তিনি ফিরবেন না।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই সবাই মিলে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জাতির কাছে এটাই আমাদের প্রত্যাশা।’
এর আগে সকালে ডা. শফিকুর রহমান দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী এবং চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরিদর্শন শেষে বিকেলে তিনি ঢাকায় ফিরে যান।



