দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি আদালতের নির্দেশনা অনুসরণ করে বক্তব্য প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এ ছাড়া, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত কোনো পলাতক আসামির বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে।
এ অবস্থায় দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থে শেখ হাসিনার কোনো ভাষণ, বিবৃতি বা বক্তব্য—সরাসরি কিংবা ধারণকৃত আকারে—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সরকার আশা প্রকাশ করেছে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবেন।



