চট্টগ্রামের রাউজান উপজেলায় মাকসুদুল হক চৌধুরী মাসুদ নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার বাসিন্দা এবং মৃত খালেদ চৌধুরীর ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাহাড়তলী চৌমুহনী এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
হত্যার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়া ও রাউজানে যুবদল নেতাকর্মী এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে কাপ্তাই সড়কের ইছাখালী ও পাহাড়তলী এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। ফলে দুপুরের পর থেকে কাপ্তাই সড়কে সব ধরনের যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা জানান, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে মানবিক বিবেচনায় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া-রাউজান সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে।



