‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিনেমার ‘গফুর’ গানটি প্রকাশের পর থেকেই ঝড় তুলেছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। গানটির সঙ্গে তার মনোমুগ্ধকর নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। অনেকেই বলছেন, তিনি যেন এখন ‘আইটেম ডান্স কুইন’-এর নতুন দাবিদার। তবে তামান্নার এই উত্থান ভালোভাবে নিতে পারেননি বলিউডের বিতর্কিত ব্যক্তিত্ব ও প্রাক্তন ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত।
রাখির অভিযোগ, বর্তমান সময়ের নামী নায়িকারা আইটেম গানে পারফর্ম করায় ঐতিহ্যগত আইটেম ডান্সের আবেদন হারিয়ে যাচ্ছে। তার ভাষায়,
“আমাদের সময়ে আইটেম গানে ছিল এক বিশেষ মাদকতা, এক ধরণের আবেগ। এখনকার নাচে সেই জাদু নেই। এরা আমাদের দেখে দেখে নাচ শিখেছে। এখন যখন নায়িকা হওয়ার সময় শেষ, তখন আইটেম গান করে আমাদের জায়গা দখল করছে। এতে লজ্জা হওয়া উচিত তাদের!”
এখানেই থেমে থাকেননি রাখি। তিনি আরও বলেন,
“আসল আইটেম ডান্স তো আমিই করেছি। এখন আমি নিজেই নায়িকা হব।”
তামান্না ভাটিয়ার নাচ অবশ্য প্রথমবার নয় আলোচনায় এসেছে। এর আগে ‘আজ কি রাত’ এবং ‘কাবালা’ গানের মাধ্যমে তিনি দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। তবে ‘গফুর’ গানটি যেন নতুন করে তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
রাখি সাওয়ান্তের কটাক্ষের পরিপ্রেক্ষিতে তামান্না এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে তার ভক্তরা মনে করছেন, তামান্না শুধু গ্ল্যামার নয়— আত্মবিশ্বাস, সাহস এবং নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবেই এখন ‘আইটেম ডান্স’-এর সংজ্ঞা নতুনভাবে গড়ছেন।



