বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও। মুম্বাইয়ে একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন কিরণ রাও। একই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী সাবা আজাদও।
ইমরান খানকে দেওয়া নোটিশসংক্রান্ত একটি পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কিরণ রাও লিখেছেন, ‘বাহ, এবার কি তবে মুম্বাই পুলিশ?’
মার্কিন নাগরিক ইমরান খান ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী। একটি রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার পর ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাকে দেশ ছাড়ার নোটিশ দেয়।
‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ নামের একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক দল মুম্বাইয়ে ওই বিক্ষোভের আয়োজন করেছিল। ইমরানকে দেওয়া নোটিশের ঘটনায় কিরণ রাওয়ের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাবা আজাদও। নোটিশসংক্রান্ত একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘কী ব্যাপার!? এটা একদম বাজে বকা।’
গত শনিবার (১০ অক্টোবর) ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার পর ইমরান খানকে অল্প সময়ের জন্য আটক করে পুলিশ।
বিক্ষোভ থেকে আটক হওয়া চার শতাধিক প্রতিবাদকারীর মধ্যে ছিলেন ইমরানের সঙ্গী লেখা ওয়াশিংটন এবং তার বোন জেইন মারি খানও। তবে ওই দিন বিকেলেই আটক সবাইকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, ইমরান খানের আইনি দল জানিয়েছে, তার বিরুদ্ধে জারি করা ‘ভারত ছাড়ো’ নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা। আগামী সপ্তাহে এ বিষয়ে আদালতে আবেদন করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
তবে নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে কী কী যুক্তি তুলে ধরা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।



