চুলে বেলি ফুলের গাজরা, পরনে অফহোয়াইট শাড়ি আর মুখে মিষ্টি হাসি—ঐতিহ্যবাহী বাঙালি সাজে নতুন এক ভিডিওতে ধরা দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসি, আবার কখনো চুলের ফুল ঠিক করার ভঙ্গি—সব মিলিয়ে তাঁর নান্দনিক উপস্থিতি মুগ্ধ করেছে অনুরাগীদের।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে। শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজার ষষ্ঠীর দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন জয়া আহসান। ঐতিহ্যবাহী সাজে হাজির হওয়ার পাশাপাশি ভক্তদের জানিয়েছেন শারদীয় শুভেচ্ছা।
ভিডিওটি প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’
ভিডিওতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট রঙের শাড়ি, যার পাড়জুড়ে রয়েছে গোলাপি নকশা। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, ভারী কানের দুল ও হাতের অলংকার তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। অন্যদিকে, চুলে বেলি ফুলের গাজরা ঐতিহ্যবাহী সাজটিকে করেছে আরও আকর্ষণীয়।
ভিডিওর বিভিন্ন দৃশ্যে ভিন্ন ভিন্ন অভিব্যক্তিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। কখনো শাড়ির আঁচল সামলাচ্ছেন, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। আবার কখনো চুলের ফুল ঠিক করছেন কিংবা হাতে গাজরা নিয়ে পোজ দিচ্ছেন। ভিডিওটির দৃশ্য ভারতের কলকাতায় ধারণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভিডিওটির সঙ্গে পুরোনো দিনের বাংলা গান ‘তোমারই আছি’ যুক্ত করেছেন জয়া। গানের সুরের সঙ্গে তাঁর সাবলীল অভিব্যক্তি মিলিয়ে তৈরি হয়েছে নান্দনিক এক আবহ। ভিডিওটি প্রকাশের পর তাঁর ঐতিহ্যবাহী সাজ ও সৌন্দর্য নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও পোশাকের বৈচিত্র্য দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান। কখনো আধুনিক, আবার কখনো বাঙালির চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে বিভিন্ন সাজে হাজির হন তিনি। দুর্গাপূজার আবহে এবার তাঁর এই বাঙালি সাজও নজর কেড়েছে ভক্তদের।



