বলিউড অভিনেতা ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশ ঘিরে বিতর্কের মধ্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন পরিচালক কিরণ রাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের প্রতি সমর্থন জানিয়ে তাঁর জীবনের দীর্ঘ সময় ভারতে কাটানো এবং দেশটিতে তাঁর বেড়ে ওঠা ও কর্মজীবনের বিষয়টি তুলে ধরেছেন আমির খানের সাবেক স্ত্রী কিরণ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইনস্টাগ্রামে ইমরানকে নিয়ে করা একটি পোস্টে প্রতিক্রিয়া জানান কিরণ। সেখানে তিনি লেখেন, ‘বাহ, এবার মুম্বাই পুলিশ?’
ইমরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গ টেনে কিরণ বলেন, ৪৩ বছর বয়সী এই অভিনেতা জীবনের ৪০ বছরই ভারতে কাটিয়েছেন। এখানেই তাঁর পড়াশোনা, কর্মজীবন ও সাফল্যের পথচলা। এ দেশেই তিনি ব্যর্থতা, ভালোবাসা ও জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।
কিরণ রাওয়ের পাশাপাশি ইমরানের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেত্রী সাবা আজাদও। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, ‘কী! এটা একেবারেই অযৌক্তিক।’
সম্প্রতি ভারতের অভিবাসন কর্তৃপক্ষ ইমরানকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে ভারত ত্যাগ করতে বলা হয়েছে বলে জানা গেছে।
গত ১০ অক্টোবর ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুম্বাইয়ে একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে অংশ নেন ইমরান। তাঁর সঙ্গে ছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন। পরে তাঁদের আটক করে মুম্বাই পুলিশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের কথিত আইন লঙ্ঘনের অভিযোগে ইমরানকে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যা স্পষ্ট নয়।
ইমরানের কাছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। বিজেপি নেতা কিরিত সোমাইয়া অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও ওসিআই কার্ড থাকা সত্ত্বেও ইমরান প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এরপরই তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপের বিষয়টি আলোচনায় আসে।
ইমরানের আইনজীবী জুলফিকার মেমন জানিয়েছেন, দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। তাঁর দাবি, ওসিআই কার্ডধারীদের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া নিষিদ্ধ—এমন সুনির্দিষ্ট কোনো আইন নেই।
ইমরানের ভারত ছাড়ার নির্দেশকে কেন্দ্র করে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে কিরণ রাও ও সাবা আজাদের প্রকাশ্য সমর্থন ঘটনাটিকে নতুন করে আলোচনায় এনেছে।



