tanaka
প্রচ্ছদজাতীয়সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে দেশটিতে সরাসরি ও ট্রানজিট রুটের ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভ্রমণসূচি বিপর্যয়ের মুখে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন অনেকেই।

শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ।

বেবিচকের বিবৃতি অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বাতিলের ফলে যাত্রীদের পূর্বনির্ধারিত ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে। অনেককে ভ্রমণের সময় পরিবর্তনসহ নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট রুটে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়া এবং দেশটির বিভিন্ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর কার্যক্রম সীমিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে কিছু বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।

ফলে সৌদি আরবগামী যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি ফ্লাইট বাতিল ও ভ্রমণসূচি পরিবর্তনের কারণে যাত্রীদের অতিরিক্ত সময় অপেক্ষা করাসহ নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে।